পাবজির পরিবর্তে ‘ফৌজি’ আনছেন অক্ষয়

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০১  
চীনের পাবজি গেম নিষিদ্ধ হওয়ার পর ভারতের প্রযুক্তি বাজারে ফৌজি নামে নতুন একটি গেম আনছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, অক্ষয় এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের অন্যতম পৃষ্ঠপোষক। ফৌজি এরপুরো অর্থ-‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থা খুব দ্রুত এই নতুন গেম প্রকাশ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টি-প্লেয়ার মিড কোর গেম প্রকাশ করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছ, এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। এই সংগঠনটি ভারতের সেনাবাহিনী এবং তাদের পরিবারকে সহায়তা করে থাকে। অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে গেমটির। এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমি আশা করি, ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে। ভারতীয় নিরাপত্তাবাহিনী সম্প্রতি যেসব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে। দেশি ও বিদেশি-সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবিলা করে, তাই ফুটিয়ে তোলা হয়েছে গেমে।